ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬

২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মুহররম ১৪৪৮

শাহজালালে মালয়েশিয়াগামী বিমানে না উঠে ৬১ যাত্রী উধাও!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:২১, ৫ জুলাই ২০২৬

শাহজালালে মালয়েশিয়াগামী বিমানে না উঠে ৬১ যাত্রী উধাও!

ফাইল ছবি

মালয়েশিয়া যেতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহ করেও বিমানে ওঠেননি ৬১ যাত্রী। তাদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই।

শনিবার (৪ জুলাই) রাতে মালয়েশিয়াগামী বিজি–৩৮৬ ফ্লাইটের ক্ষেত্রে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে মোট ২৮৮ যাত্রীর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এর মধ্যে ১০ জনকে অফলোড করে ইমিগ্রেশন বিভাগ। এছাড়া জাল ভিসার কারণে আরো ৫ জনকে বোর্ডিং গেটে আটকে দেওয়া হয়। এ ঘটনার পর আরও ৬১ যাত্রী বোর্ডিং পাস নেয়ার পরও বোর্ডিং গেটে যাননি।
 
এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ওই ৬১ যাত্রীকে ছাড়াই শেষ পর্যন্ত ২১২ জন যাত্রী নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।
 
এদিকে ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলছে, কোনো চক্রের যোগসাজশে ওই ৭৬ যাত্রী মালয়েশিয়া যাচ্ছিলেন। যারা ধরা পড়েছেন তাদের সবাই কাজ করতে যাচ্ছিলেন। তবে সেই ৬১ যাত্রীর অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই।

তবে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, পাসপোর্টের সঙ্গে ভিসার তথ্যের গরমিল থাকায় কয়েকজনকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। পরে অন্যরা পালিয়ে যান।

 এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার বলেন, বিমানের মালয়েশিয়াগামী ফ্লাইটের উধাও হওয়া যাত্রীদের বিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত করে খতিয়ে দেখা হবে।
 
বিমানবন্দরে সাধারণত যাত্রীরা প্রথমে ব্যাগেজ চেক–ইন করে বোর্ডিং পাস নেন। এরপর ইমিগ্রেশন শেষ করার পর বোর্ডিং গেটে গিয়ে উড়োজাহাজে ওঠেন।

আরও পড়ুন