ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি

.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফল ঘোষণা নিয়ে রাতভর নানা নাটকীয়তার পর, ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯২টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ ফলাফল ঘোষণা চলছে।

আজ (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ইসি ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন ৭২টি আসনে। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দখলে গেছে একটি আসন।

এ ফলের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে, বিএনপি গঠন করতে যাচ্ছে বাংলাদেশের আগামী সরকার। আর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই সরকারপ্রধান হওয়ার দ্বোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং বাংলাদেশ সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এছাড়া, ফলাফল নির্ধারণ হয়ে গেলেও মামলা সংক্রান্ত জটিলতায় তিনটি আসনের ফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।

এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী দলীয় প্রধানদের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে জয়ী হয়েছেন। মহাসচিব পর্যায়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব ও রংপুর-৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিজয়ী হয়েছেন, তবে জামায়াতের জন্য আঘাত হয়ে এসেছে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ান ভোট যুদ্ধে হেরে গেছেন।
 

আরও পড়ুন