ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক

আলমগীর মানিক,রাঙ্গামাটি

প্রকাশ: ১৩:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক

ছবি:বাংলার চোখ

রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন ৬নং বালুখালী ইউনিয়নের কিল্লা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিচালিত এক যৌথ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও ইয়াবাসহ ৮ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো (১) কাজী আশরাফুল আজম দিপু (৪০), (২) মোঃ দুলাল মিয়া (৪৪), (৩) মোঃ আকতার হোসেন (৪০), (৪) মোঃ কামরুল হাসান (৪০), (৫) জয় মার্মা (৩৫), (৬) নূর মোহাম্মদ (৪২), (৭) মোঃ সাফায়েত হোসেন (৩৭), ও (৮) মোঃ রুস্তম আলী (৪০)। তারা সকলেই রাঙামাটি শহরের তবলছড়ির ওয়াপদা কলোনী, অফিসার্স কলোনী; পর্যটন এলাকার দেওয়ান পাড়া; বিজিবি গেইট মোড় ও বালুখালী ইউনিয়নের সামপাড়া পাহাড় এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে  একটি যাত্রীবাহী ট্যুরিস্ট বোটে মাদকের আসর বসেছে এমন খবর পেয়ে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে এসআই (নিঃ) রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আটজনকে আটক করা হয়।  

কোতয়ালী থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ট্যুরিস্ট বোটে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় ধরা পড়ে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কিছু মাদক নদীতে ও নৌকায় ছড়িয়ে ফেলে। নদীতে ফেলা মাদক উদ্ধার করা সম্ভব না হলেও নৌকা থেকে ৬০০ মিলি লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা জেলার বিভিন্ন স্থান থেকে কম দামে মাদক সংগ্রহ করে শহর ও প্রত্যন্ত অঞ্চলে অধিক মূল্যে বিক্রি করতেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক)/১০(ক) অনুযায়ী কোতয়ালী থানায় মামলা নং-০৮, তারিখ ১৩/০২/২০২৬ রুজু করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন মামলার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি বলেন,মাদকদ্রব্য শুধু ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। ইয়াবা ও চোলাই মদের মতো অবৈধ মাদকদ্রব্য তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি করছে। প্রশাসনের এমন অভিযানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে ওসি বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সচেতন নাগরিকদের এগিয়ে এসে পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করা উচিত সেই ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে গোপন রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন কোতয়ালী থানার ওসি।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন