চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
নির্বাচনী প্রচারনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান হয়ে আসা বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকা থেকে অস্ত্রগুলি উদ্ধার করে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরাচালান করতে পারে এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ মাসুদপুর বিওপির একটি চৌকষ টহল দল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নির্বাচনকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি ১ জন আসামীসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশী পিস্তল, ১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবি'র মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা পালনে বিজিবি সদস্যরা সবসময় তৎপর রয়েছে এবং সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।।