বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬
রাজপাল যাদব (বামে) ও সোনু সুদ (ডানে)। ছবি: সংগৃহীত
চেক-বাউন্স মামলায় এখন কারাগারে বলিউডের কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদব। তার কোটি রুপির ঋণের দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য নেয়া ৫ কোটি রুপি লোন সুদে-আসলে এখন ৯ কোটি রুপির দায় সৃষ্টি করেছে। বিশাল পরিমাণ অর্থ পরিশোধ করতে আদালতে সময় বাড়ানোর আবেদন করেন রাজপাল।
কিন্তু কমেডিয়ানের আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা আবেদনটি খারিজ করে বলেন, ‘সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত যুক্তি নেই।’
তাই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ মুহূর্তে তিহার কারাগারে রয়েছেন রাজপাল।
রাজপালের এ দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সোনু। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পোস্টে সোনু লেখেন,রাজপাল যাদব একজন প্রতিভাবান অভিনেতা। যিনি বছরের পর বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে অসাধারণ কিছু চরিত্র উপহার দিয়েছেন। কখনও কখনও জীবনে নানা পরিবর্তন আসে। যখন প্রতিভা থাকলেও খারাপ সময়ের কারণে মানুষ এগোতে পারেন না। তিনি আমার সিনেমায় অভিনয় করবেন। আমি বিশ্বাস করি আমাদের সকলের অর্থাৎ প্রযোজক, পরিচালক এবং সহকর্মীদের একত্রিত হওয়ার সময় এসেছে।
তিনি আরও লেখেন,সামান্য কিছু অর্থ, যা ভবিষ্যতের কাজের জন্য তাই আমরা রাজপাল যাদবকে দিতে চাই, যেটা দান নয় বরং সম্মান।আমাদের ইন্ডাস্ট্রির একজন সদস্য যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। তাকে মনে করিয়ে দেয়া উচিত যে তিনি একা নন। এভাবে আমরা প্রমাণ করি যে আমরা কেবল একটি ইন্ডাস্ট্রি নই বরং একটি পরিবার।
প্রসঙ্গত, অভিনয় গুণ দিয়ে দর্শক হাসিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন রাজপাল যাদব। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’, ‘ফের হেরাফেরি’ ইত্যাদি।