ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

 শেরপুরের দুটি আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে আহ্বান

শাহরিয়ার মিল্টন , স্টাফ রিপোর্টার ,শেরপুর

প্রকাশ: ০০:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

 শেরপুরের দুটি আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে আহ্বান

ছবি :সংগৃহীত

নির্বাচনী প্রচারণার শেষ দিনে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াংকা আবেগঘন কণ্ঠে জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে শেরপুর সদরে এসে দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। সোমবার সকাল ১০ টায় শেরপুর শহরের মাদাবপুর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিয়াংকা সাংবাদিকদের বলেন, “নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো থাকলেও আমরা নিজেদের অভিভাবকহীন ও অসহায় মনে করছি।” তিনি অভিযোগ করে বলেন, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত থাকায় ওই এলাকার রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।
প্রিয়াংকার দাবি, স্থগিত হওয়া ওই আসনের জনপ্রিয় নেতা মাহমুদুল হক রুবেল পুরো জেলার রাজনৈতিক অভিভাবক। জেলা জুড়ে তার শক্তিশালী নেতা-কর্মী ও সমর্থক গোষ্ঠী রয়েছে। কিন্তু বর্তমানে সেই নেতা-কর্মীদের কেউ কেউ দলের নির্বাচনে সক্রিয়, কেউ নিষ্ক্রিয়, আবার কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে। এতে করে শেরপুর সদর ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রিয়াংকা আরও বলেন, “ মাহমুদুল রুবেল আমাদের রাজনৈতিক মুরুব্বি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি বর্তমানে ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রমে অবস্থান করছেন। একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমরা সাড়া পাইনি।”
তিনি অভিযোগ করেন, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় শতশত জামায়াত নেতা-কর্মী এখন শেরপুর সদর ও শেরপুর-২ আসনে প্রভাব বিস্তার করছে। অথচ ওই আসন থেকে বিএনপির পক্ষ থেকে কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না। দলীয় ভেতরে গ্রুপিং থাকতে পারে স্বীকার করলেও তিনি বলেন, “ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নে কোনো মতানৈক্যের সুযোগ নেই।”

আবেগাপ্লুত কণ্ঠে মাহমুদুল হক রুবেলের প্রতি হাত জোড় করে আকুল আবেদন জানিয়ে প্রিয়াংকা বলেন, “সময় কম হলেও এখনও সব শেষ হয়ে যায়নি। আমি অনুরোধ করছি, তিনি যেন এখনই শেরপুর সদর ও শেরপুর-২ আসনে তার সমর্থকদের ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন। অল্প সময়ের জন্য হলেও তিনি যদি শেরপুরে এসে দুইটি আসনে কাজ করেন, তাহলে ধানের শীষের জয় নিশ্চিত হবে।”
এদিকে, আগের রাতে শেরপুর সদর উপজেলার বিএনপির দুটি নির্বাচনী কেন্দ্রে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান প্রিয়াংকা। তিনি বলেন, “বিএনপির কেন্দ্রে আগুন দেওয়া হলেও কেউ যেন প্রতিপক্ষকে ক্ষতি না করে। নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়েও সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্ট, বিএনপি নেতা এবং প্রিয়াংকার বাবা হযরত আলী। তিনি বলেন, ১৭ বছর পর মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু এখন কাঁদাছুড়াছুড়ির কারণে শেরপুরের দুটি আসনই ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি আরও বলেন, “রুবেল সাহেব যদি শেরপুরে এসে সব বিভেদ ভুলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেন, তাহলে ধানের শীষের জয় নিশ্চিত হবে। এখন আর বিভেদ নয় ঐক্যই আমাদের একমাত্র চাওয়া।

আরও পড়ুন