ঢাকা, রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় রিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১:০৩, ২৮ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় রিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক ৭

ছবি :সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সরকারী টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে নাসিরুদ্দিন বাসু নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে পৌর এলাকার আলিনগর ভূতপুকুর প্রান্তিক পাড়ার রেলবস্তিতে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নাসির উদ্দিন বাসু (৪৫) পৌর এলাকার আলীনগর ভুতপুকুর মহল্লার মৃত আকতার হোসেন মুন্সির ছেলে। তবে তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, টিউবওয়েলে পানি নেয়াকে কেন্দ্র করে নাসিরুদ্দিন বাসুর সাথে এঙ্গলবার বিকেলে প্রতিবেশী নূরী নামে এক মহিলার ঝগড়া হয়। এক সময় তা হাতাহাতিতে রুপ নিলে দীর্ঘদিনের বিরোধের জেরে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে সেখানে ডাকলে তারা লাঠিসোটা হাতে এসে নাসিরুদ্দীনকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেয়ার পথেই মারা যান বাসু।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিসক উম্মে হাবিবা বলেন, হাসপাতালে আসার আগেই নাসিররুদ্দিন বাসুর মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে মাথার পেছন দিকে আঘাতের ফলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন