ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

আ.লীগের সঙ্গে গোপন আঁতাত করে জয়লাভ করেছে বিএনপি: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আ.লীগের সঙ্গে গোপন আঁতাত করে জয়লাভ করেছে বিএনপি: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এক্ষেত্রে স্পষ্ট বোঝা যায়, আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আঁতাতের মাধ্যমে তারা জয় লাভ করেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি দিয়েই তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন। দেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। যারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, অনেকগুলো আসনে ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। একই সঙ্গে টু থার্ড মেজরিটি পাইয়ে দেওয়ার মাধ্যমে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা-ষড়যন্ত্রের কথা আমরা আজ প্রকাশ করে রাখলাম। আশা করি আগামী পাঁচ বছরে আমরা এটি আস্তে আস্তে দেখতে পারবো।

আরও পড়ুন