ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১০ আষাঢ় ১৪৩৩, ০৮ মুহররম ১৪৪৮

কুমিল্লায় চারটি বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ০২:২৮, ২৫ জুন ২০২৬

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের কাছে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুটি লাইনের যেকোনো একটি সচল করা গেলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনারবাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

এদিকে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে আপ ও ডাউন—উভয় লাইনেই ট্রেন আটকে যায় এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক বলেন, চট্টগ্রাম থেকে সোনারবাংলা এক্সপ্রেসের জন্য একটি সচল ইঞ্জিন পাঠানো হয়েছে। পাশাপাশি মেঘনা এক্সপ্রেসের চারটি লাইনচ্যুত বগি ঘটনাস্থলে রেখে বাকি অংশ লাকসামে নিয়ে আসা হচ্ছে। এসব কাজ শেষ হলেই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন