ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪:৪৫, ২৫ জানুয়ারি ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। সংগৃহীত ছবি
আওয়ামী লীগ ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে গুমের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ সাক্ষ্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।
হাসিনুর রহমান জানান, ২০১৮ সালে তাকে গুম করা হয় এবং ডিজিএফআইয়ের জেআইসি সেলে দীর্ঘ সময় বন্দি রাখা হয়। সেখানে কাটানো বন্দি জীবনের ভয়াবহ অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তিনি আদালতে তুলে ধরেন।
জিজ্ঞাসাবাদের সময় জেনারেল আজিজ আহমেদ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা করার কারণে তাকে নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তিনি।
জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন হাসিনুর রহমান। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান মোট ১২ জন সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
এদিকে, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে চিকিৎসা গ্রহণের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।