ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:৪৮, ২৬ জুলাই ২০২৬
ফাইল ছবি
জুলাই বিপ্লবের সময় সংগঠিত গণহত্যা ও দমনপীড়নে সংশ্লিষ্টতায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের (চুপ্পু) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)।
রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।
অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপির সভাপতি হাসিনুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকে এসব দেখলেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি। তিনি নীরব ভূমিকা পালন করেছেন।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে তিনি ওই সময় পদত্যাগও করতে পারতেন, কিন্তু তা-ও করেননি। ফলে তিনি এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। তাই ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।’
বিএপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন I