ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মুহররম ১৪৪৮

লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৪৬, ১৬ জুলাই ২০২৬

লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুত থাকতে বলল ইরান

ছবি :সংগৃহীত

ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করার জন্য ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে প্রস্তুত থাকতে বলেছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে হুতিদের কাছে বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি হুতিদের কাছে তেহরানের এ অনুরোধ পৌঁছানো হয়েছে। তবে কীভাবে বার্তাটি দেয়া হয়েছে বা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেয়ার আগে নাকি পরে এটি পাঠানো হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত জানায়নি।

 এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা হুতি গোষ্ঠীর কোনো মুখপাত্র সাড়া দেননি।
 
বাব এল-মান্দেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা ও এডেন উপসাগরসংলগ্ন উঁচু এলাকায় বাব এল-মান্দেব প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে জাহাজে হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হুতিরা। এখন শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা।
 
রয়টার্স বলছে, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ব জ্বালানি বাজারে সংকট আরও তীব্র হতে পারে। কারণ, ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান তেল রফতানি পথগুলোর কার্যত অচল হয়ে পড়েছে।
 
হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইয়েমেনে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রতিনিধিরাই বাব এল-মান্দেব প্রণালি কখন বন্ধ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
 
এদিকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেয়ার আহ্বান জানিয়ে প্রতিবেশী দেশগুলোর প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী বলেছে, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেয়, তবে সেই পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে।
 
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘আমাদের প্রতিবেশীদের জানা উচিত, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দেয়া এবং ইরানের ভূখণ্ডে হামলার সুযোগ করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর যথাযথ জবাব দেয়া হবে।’
 
একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোর ওপর হামলা চালালে পুরো অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও ভয়াবহ ও ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
 
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ইরান শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করবে।
 
তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার একমাত্র উপায় হলো গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন করা এবং প্রণালিতে জাহাজ চলাচল বিষয়ে ইরানের নির্ধারিত বিধিনিষেধ মেনে চলা।

সূত্র:  রয়টার্স, আল জাজিরা

আরও পড়ুন