প্র্রতিনিধি
প্রকাশ: ০০:৪০, ১৭ জুলাই ২০২৬
ছবি:বাংলার চোখ
নওগাঁয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল ১০টায় শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রা শুরু হয়।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পাক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।
এরপর শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দিরের কিছু দুরে একটি পুরাতন মাঠ থেকে প্রথম টানের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠানের শুরু হয়ে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এদিন বিকেল ৫ টায় রথযাত্রার দ্বিতীয় টান দেওয়া হবে। এবং আগামী ২৪জুলাই উল্টো টানের মধ্য দিয়ে ৯দিন ব্যাপী এই রথযাত্রা উৎসব শেষ হবে। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।
জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা পালন করা হয়। রথের দড়ি টানার সময় বাঁ পাশে একদল, ডান পাশে একদল, সামনে একদল এবং পেছনের দিকে একদল, আর শ্রী চৈতন্য মহাপ্রভু মাঝখানে থাকতেন।
এ উৎসব উপলক্ষ্যে সেখানে বসেছে গ্রামীণ মেলা। জেলার বিভিন্ন স্থান থেকে রথাযাত্রা উৎসব দেখতে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের আগমন ঘটেছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও এসেছে এ অনুষ্ঠান দেখতে।
রথযাত্রার এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে শুভ সূচনা করেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সহ-সভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আখড়াবাড়ি মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, পরিচালনা কমিটির হিরেন সরকার ও বৈদ্যনাথ দাস, কার্যনির্বাহী সদস্য স্বপন ঘোষ, রবীন্দ্র নাথ সরকার, মধুসূদন কুন্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজারো ভক্তবৃন্দ। ।
বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় গীতা পাঠ করা হয়। দেশ স্বাধীনের আগ থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব হয়ে আসছে। ৯ দিন ব্যাপী গ্রামীণ মেলায় বিভিন্ন মিষ্টান্ন ও বিনোদনের জন্য বিভিন্ন রাইডস রয়েছে। আগামী ২৪জুলাই উল্টো টানের মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসব শেষ হবে।