ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
দায়িত্ব গ্রহণের পর আজ রোববার (২২ ফেব্রুয়ারি) প্রথম পরিকল্পনা কমিশনে এসেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘কথা কম বলে কাজ বেশি করতে চাই। মাত্র এলাম, কাজ শুরু করি, পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলব। আমি প্রেস ফ্রেন্ডলি মানুষ, সুতরাং সবকিছুই জানানো হবে।’
দুপুরে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত এসব কথা বলেন। এ সময় কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে আসা হলেও তিনি সেগুলো গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ে কতটা সময় দেবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কাজের চাপ অনুযায়ী সময় দেওয়া হবে। আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, পরিচিত হই। পরে দেখা যাবে, কী করতে হবে।’
এ সময় এলডিসি উত্তরণ ও অপচয়মূলক প্রকল্পের বিষয়ে প্রশ্ন করা হলেও এসব বিষয়ে পরে কথা বলবেন বলে জানান মন্ত্রী। এরপর তিনি এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।