ঢাকা, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

 রোমে "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

 রোমে

ছবি :সংগৃহীত

ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় "শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬" পালন করেছে। রোমের আইজাক রবিন পার্কে স্থায়ী শহিদ মিনারে দিবসের প্রথম প্রহরে দূতাবাসের পুষ্পাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়।

অতঃপর দূতাবাস চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সংগে জাতীয় পতাকা অর্ধনমিত এবং দূতাবাস প্রাঙ্গণের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।     

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রবাসী নেতৃবৃন্দ, বাংলাদেশি শিক্ষার্থীগণ, বিভিন্ন সামাজিক, ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ, ও বন্ধু প্রতিম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে দূতাবাসের সম্মেলন কক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে,  রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এর বাণী পাঠ করা হয়। তাছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতি প্রদত্ত ভিডিও বার্তা সম্প্রচার এবং মহাসচিব এর বাণী পাঠ করা হয়।   

ইতালিতে বসবাসরত বিভিন্ন প্রবাসী নেতৃবৃন্দ, বিশিষ্ট বাংলাদেশি নাগরিকবৃন্দ অমর একুশের চেতনা ও তাৎপর্য গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা ভাষা আন্দোলনের আত্মত্যাগকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে নতুন সরকারের ঘোষিত পরিকল্পনা ও কর্মসূচিকে তারা স্বাগত জানান।   

রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অমর একুশের ঐতিহাসিক ভূমিকার উপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং তদপ্রেক্ষিতে  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে প্রতিফলিত গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন, ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় একটি নতুন দিগন্তের সূচনা করেছে বলে তিনি মত প্রকাশ করেন। রাষ্ট্রদূত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “Youth voice on multilingual education” উল্লেখ করে প্রবাসে অন্তর্ভুক্তিমূলক সমাজের যোগ্য অংশীদার হয়ে উঠার জন্য তরুণ প্রজন্মের মাতৃভাষার সাথে অন্যান্য ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সভায় উপস্থিত সকলকেই অমর একুশের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার এবং উন্নত, আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে স্ব-স্ব অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।   
 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন