স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রথম দিনের অনুশীলন সারলেন আফঈদার-ঋতুপর্ণারা। ছবি: বাফুফে
নারী এশিয়ান কাপে অংশ নিতে গতকাল রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগেভাগেই সেখানে পৌঁছায় তারা। লম্বা ভ্রমনের কারণে কিছুটা ক্লান্তি নিয়েই শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেন পিটার বাটলারের শিষ্যরা। তবে প্রথম অনুশীলনে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এই জার্নিটা বাংলাদেশ নারী ফুটবলারদের জন্য স্বপ্নের মতোই। হয়তো আফঈদারাও একটা ঘোরের মধ্যে ছিলেন। কিন্তু আসলেই এটা বাস্তব, ধ্রুব সত্যের মতো। মাত্র বছর কয়েকের ব্যবধানেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মঞ্চে।
৩ মার্চ শক্তিশালী চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন। তার আগে হাতে ১০ দিনের মতো সময় পাচ্ছেন ফুটবলাররা। মেগা এই টুর্নামেন্টের আগে বড় কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। হয়নি সেই অনুযায়ী মানসম্মত ক্যাম্প। তাই সিডনিতে এশিয়ান কাপ শুরুর আগের কয়দিন কাজে লাগাতে চান পিটার বাটলার।
গতকাল অস্ট্রেলিয়ায় পৌঁছে আজই নেমে পড়েন অনুশীলনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় প্রথম অনুশীলন নিয়ে কথা বলেছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল।
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে শুক্রবার সিডনি পৌঁছায় বাংলাদেশ। লম্বা ভ্রমণের কারণে কিছুটা ক্লান্তি নিয়েই প্রস্তুতি শুরু করেছে দল। গোলকিপার কোচ উজ্জ্বল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মেয়েরা।
‘আমরা গতকাল রাত ১২টায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে সকালে ৮টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। তো ভ্রমণজনিত যে ক্লান্তি সেটা তো আছেই খেলোয়াড়দের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির আশঙ্কা আমাদের মধ্যে নেই। খেলোয়াড়দের সবাই মোটামুটি ফিট আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি এখন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছে, খেলোয়াড়েরাও সেভাবে চেষ্টা করতেছে। আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটি আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের সুযোগ-সুবিধা দরকার, সবই এখানে আছে। তাই আমাদের এটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।’