ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৬ ফাল্গুন ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

ছবি :সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচকের পদে পরিবর্তন আসছে। সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে প্রস্তাব দিয়েছে বিসিবি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু। চুক্তির পুরো সময়জুড়ে দায়িত্ব পালন করলেও এবার আর পদে থাকতে আগ্রহী নন তিনি। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান লিপু।

চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। বিসিবি চাইছিল আরও দীর্ঘমেয়াদি চুক্তিতে তাকে রাখতে। তবে পারিবারিক কারণ দেখিয়ে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছেন লিপু। ফলে খুব শিগগিরই প্রধান নির্বাচকের পদটি শূন্য হতে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও এখনই প্রস্তাবে সায় দিচ্ছেন না বাশার। তিনি কিছুটা সময় চেয়েছেন বলে জানা গেছে। তবে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে আগ্রহী রয়েছেন সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে পারেন হাবিবুল বাশার।
 

আরও পড়ুন