ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

২০২৬ বিশ্বকাপে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

২০২৬ বিশ্বকাপে নতুন বিতর্ক

ছবি :সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনও পাঁচ মাস বাকি থাকলেও, আয়োজন ঘিরে বিতর্ক থামছে না। কখনও ম্যাচ টিকিটের চড়া মূল্য, কখনও ইউরোপীয় দলগুলোর সম্ভাব্য বয়কটের গুঞ্জন এর মধ্যেই এবার আলোচনায় এসেছে গাড়ি পার্কিংয়ের অস্বাভাবিক উচ্চমূল্য।

২০২৬ ফিফা বিশ্বকাপের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য ফিফা পার্কিং পাসের দাম নির্ধারণ করেছে প্রতি স্পট ২৫০ থেকে ৩০০ ডলার, যা অনেক ম্যাচের টিকিটের দামের চেয়েও বেশি। ফিফার অফিশিয়াল পার্কিং ওয়েবসাইট অনুযায়ী, এসব পার্কিং স্পট সোফাই স্টেডিয়াম থেকে এক মাইলেরও বেশি দূরে অবস্থিত।

লস অ্যাঞ্জেলেসে মোট আটটি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ও একটি কোয়ার্টারফাইনাল ম্যাচের জন্য পার্কিংয়ের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ৩০০ ডলার। বাকি ছয়টি ম্যাচের জন্য পার্কিং স্পটের মূল্য ২৫০ ডলার। অথচ একই ম্যাচের ক্যাটাগরি–৩ টিকিটের দাম ১৪০ থেকে ১৮০ ডলারের মধ্যে

২৫০ ডলারের পার্কিং স্পটগুলো মূলত ইনটুইট ডোমের ভিআইপি ওয়েস্ট গ্যারেজ ও তার আশপাশের এলাকায় অবস্থিত, যা সোফাই স্টেডিয়ামের হলিউড পার্ক ক্যাম্পাসের বাইরের অংশ। ফিফার তথ্য অনুযায়ী, এসব পার্কিং এলাকা থেকে স্টেডিয়ামে পৌঁছাতে দর্শকদের প্রায় ২১ মিনিট হেঁটে যেতে হতে পারে।

তুলনামূলকভাবে দেখা গেলে, এনবিএর লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের ম্যাচে পার্কিং খরচ ছিল ৫৬.৫০ ডলার এবং এনএফএলের লস অ্যাঞ্জেলেস র‌্যামসের ২০২৫ সালের ম্যাচে পার্কিংয়ের মূল্য ছিল ৭১ ডলার যা বিশ্বকাপের পার্কিং খরচের তুলনায় অনেক কম।

শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, বিশ্বকাপ আয়োজক অন্যান্য শহরগুলোতেও পার্কিং খরচ বেশ চড়া। ক্যানসাস সিটি, আরলিংটন ও আটলান্টায় গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য পার্কিং ফি শুরু হচ্ছে ৭৫ ডলার থেকে, যা ২০২২ কাতার বিশ্বকাপের কিছু ম্যাচের টিকিটের দামের চেয়েও বেশি। মিয়ামিতে শুরুতে পার্কিংয়ের মূল্য ছিল ৭৫ ডলার, যা পরে বাড়িয়ে ১০০ ডলার করা হয়েছে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন পার্কিং মূল্য নিয়ে সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে, যা সামনে আরও বড় আলোচনার জন্ম দিতে পারে।

আরও পড়ুন