স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াইটা হয় বোধহয় চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেই। সেখানে লড়াই করে ইউরোপের বড় বড় সব ক্লাব। তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আধিপত্য যেন বেড়েই চলেছে। অবশ্য এর ইতিবাচক প্রভাব পড়বে তাদের আয়ের ক্ষেত্রেও।
রোমাঞ্চে ঠাসা সব লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে চলমান চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব। শেষ ষোলোতে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে সেরা আট দল। আর সেই আট দলের পাঁচটিই হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব।
চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের আট ম্যাচের সবগুলো জিতে শীর্ষে থেকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্সেনাল। এছাড়া লিভারপুল তৃতীয়, টটেনহ্যাম হটস্পার চতুর্থ, চেলসি ষষ্ঠ ও ম্যানচেস্টার সিটি অষ্টম হয়েছে।
এরই মধ্যে হয়ে গেছে প্লে-অফের ড্র। দুই লেগের প্লে-অফে নিউক্যাসল ইউনাইটেড খেলবে আজারবাইজানের বিপক্ষে। আর ওই লড়াইয়ে যদি নিউক্যাসল জিতে যায়, তাহলে তৈরি হবে নতুন ইতিহাস। কারণ, এর আগে আর কোনো আসরে প্রিমিয়ার লিগে ছয়টি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠেনি।
প্রিমিয়ার লিগের টেবিলে টটেনহ্যামের অবস্থান ১৪ নম্বরে। আর তারাই কি না চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে চতুর্থ হয়ে! লিগে আর্সেনাল ও লিভারপুলেরও সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। ইউরোপ সেরার মঞ্চে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে লিভারপুল। আর তারাই কি না লিগের খেলায় একই সময়ের মধ্যে ১৩ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৪টি!
অন্যদিকে ইউরোপ সেরার মঞ্চে স্প্যানিশ ক্লাবগুলোর আধিপত্য নতুন কিছু নয়। কিন্তু এবার তাদের দেখতে হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। গত চার মৌসুমে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবার এমবাপ্পে, ভিনিসিউসদের মতো তারকা খেলোয়াড়দের নিয়েও সেরা আটে থেকে নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি তারা। বার্সেলোনা নকআউট পর্ব নিশ্চিত করলেও রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদের খেলতে হবে প্লে-অফ।
চলতি আসরে ইপিএলের দলগুলোর বিপক্ষে ১০ ম্যাচের মধ্যে একটি বাদে সবগুলোই হেরেছে লা লিগার ক্লাবগুলো। এর মধ্যে সাত ম্যাচে ইংলিশ ক্লাগুলোর বিপক্ষে কোনো গোল করতে পারেনি স্প্যানিশ ক্লাবগুলো। জার্মান ক্লাবগুলোর সঙ্গে ইংলিশ ক্লাবের লড়াইও হয়েছে অনেকটা একইরকম। সেরি আর ক্ষেত্রেও বিষয়টা আরও বেশি হতাশার। এবার ইতালির কোনো দলই সরাসরি উঠতে পারেনি শেষ ষোলোয়।