স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
ক্রিকেটে কোনো বৈশ্বিক ইভেন্ট এলে ভক্তরা অপেক্ষায় থাকে ভারত-পাকিস্তান ম্যাচের। দুদলের মাঝে এতটাই বৈরিতা, যা কেবল একটি ম্যাচের হার-জিতে সীমাবদ্ধ থাকে না। ক্রিকেটের যারা স্টেকহোল্ডার, তাদেরও চোখ থাকে ম্যাচটিতে। এই একটি ম্যাচে যে পরিমাণ অর্থের ঝনঝনানি, তা অনেক ক্ষেত্রে গোটা টুর্নামেন্টের সমান।
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসবে এবারের আসর। কিন্তু, আসর শুরুর আগে বিতর্কের শেষ নেই। সর্বশেষ সংযোজন, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের নেওয়া এই সিদ্ধান্তে বড় আর্থিক ধাক্কা আসতে পারে আইসিসির সামনে।
ক্রিকবাজ তাদের একটি প্রতিবেদনে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ তুলে ধরার চেষ্টা করেছে। বৈশ্বিক কোনো ইভেন্টে ভারতের ম্যাচ মানেই আইসিসির মোটামুটি ১০০ কোটি রুপির মতো আয় হয়। ভারত-পাকিস্তান ম্যাচে যার ভ্যালু দ্বিগুণ, কখনও কখনও তারচেয়ে বেশি। দ্বিগুণ ধরলেও ২০০ কোটি রুপি জমা হয় আইসিসির অর্থ ভাণ্ডারে। সেই হিসেবে পুরো ২০০ কোটি রুপি লোকসান গুনতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম পেনিনসুলা লিখেছে, এই একটি ম্যাচ না হলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসি। টিকিট, টিভি সম্প্রচার, বিজ্ঞাপন মিলিয়ে সম্ভাব্য ক্ষতি প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৬৭ কোটি টাকা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট রেভিনিউর প্রায় ৩৬ শতাংশই আসার কথা ভারত-পাকিস্তানের ম্যাচ থেকে। বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
উৎস: ক্রিকবাজ