ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

৮ ফাল্গুন ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ৫৪ রানে জিতেছে। ছবি: বিসিবি

সংগ্রহটা খুব বেশি ছিল না। মাত্র ১১১ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। ছোট এই লক্ষ্য দিয়েও পাকিস্তান নারী ‘এ’ দলকে গুঁড়িয়ে দিল ফাহিমা খাতুন বাহিনী। সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুনের ঘূর্ণিতে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ৫৬ রানে।

ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালটি ৫৪ রানে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ নারী ‘এ’ দল। রোববারের ফাইনালে তারা মুখোমুখি হবে ভারত নারী ‘এ’ দলের। ভারত প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল হারিয়েছিল ৫ উইকেটে।

৮ রানে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছে তারা। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১৪ রানের জুটি হয় শাওয়াল জুলফিকার ও ওমাইমা সোহাইলের মধ্যে। এই জুটির জুলফিকারই করেন সর্বোচ্চ ১৪ রান।

বাকিদের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করেন মাত্র দুজন—হাফসা খালিক ১৫ বলে ১২ ও ইউসরা আমির ১৮ বলে ১১। বাংলাদেশের হয়ে মাত্র ৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার মেঘলা। সমানসংখ্যক রানে ফাহিমার শিকার ২। এই ফাহিমার ব্যাটেই বাংলাদেশের রান একশ ছাড়ায়।

৩৯ রানে ২ উইকেট যাওয়ার পর ফাহিমা ক্রিজে নেমেছিলেন। ৪৪ রানে যায় আরেকটি উইকেট। ফাহিমা এরপর লতা মণ্ডলের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন, যেখানে লতার রান মাত্র ৫। স্কোরবোর্ডে এরপর আরও ৩৬ রান উঠে। ফাহিমা শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন। ৩২ বলে ৪০ রানের ইনিংসে ৫টি চার হাঁকান তিনি।

আরও পড়ুন