ঢাকা, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

প্রিটোরিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিটোরিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছবি :সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। সকাল ৯টায় হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

এ সময় প্রিটোরিয়ায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতির বাণী, প্রধানমন্ত্রীর বাণী,  পররাষ্ট্রমন্ত্রীর বাণী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 

পরবর্তীতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট সদস্যবৃন্দ অমর একুশে ফেব্রুয়ারির তাৎপর্য ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন। সবশেষে মান্যবর হাইকমিশনার শাহ্ আহমেদ শফী সভাপতির বক্তব্যে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি লালন করার গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের নবগঠিত সরকারের সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানের শেষ পর্বে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন