ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩, ১৮ সফর ১৪৪৮

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান:ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৩৫, ৩ আগস্ট ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান:ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ইস্যুতে নয়াদিল্লিকে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। বাংলাদেশ ভারতের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায়, তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়ার দায়িত্ব ভারতের।’

 উল্লেখ্য, আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিভিত্তিক ‘দ্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার সংক্ষিপ্তভাবে যুক্ত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য ভার্চুয়াল উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘোষণাকে ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক অঙ্গনে ইতিমধ্যে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করেই বাস্তবায়ন করা হবে।’

তিনি জানান, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে এবং এই সহযোগিতা বৃহত্তর ইন্দো-প্যাসিফিক কাঠামোর সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান এই সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতাকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবেই দেখছে ঢাকা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন