প্র্রতিনিধি
প্রকাশ: ২২:৫৫, ৭ আগস্ট ২০২৬
ছবি :সংগৃহীত
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন—তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই, তিনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন।
শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা আইনি পথ ধরে হাটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে।
মো. আসাদুজ্জামান বলেন, আমরা অস্বীকার করতে পারি না, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে খুন করেননি। আমরা অস্বীকার করতে পারি না, তিনি খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি যদি এসব সত্যের মুখোমুখি হতে চান, তাহলে অবশ্যই দেশে ফিরে আসবেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দেশের বিচার বিভাগে এখনও অনেক সমস্যা আছে। আপনার কাছে সমস্যা এক রকম, আমার কাছে সমস্যা আরেক রকম। অনেকেই বলবেন—দুর্নীতিতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন টাউট-বাটপারে ভরে গেছে; অনেকেই বলবেন স্ট্রাকচার নাই—আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের।
মন্ত্রী আরও বলেন ‘আমি যদি বিচারকের পেশা বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে—আমি সমাজের আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেদিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে।’