প্র্রতিনিধি
প্রকাশ: ০১:০৮, ১৭ আগস্ট ২০২৬
ছবি :সংগৃহীত
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ দেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না এবং ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতে হবেই।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শত শত নবীন ও প্রবীণ আইনজীবী উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, ‘এই বিচার গোপনে নয়, বরং বিশ্বের যেকোনো উন্নত দেশের মতো উপযুক্ত আদালতে এমন স্বচ্ছ প্রক্রিয়ায় হবে, যা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না।’
তিনি তাঁর বক্তব্যে বিগত স্বৈরাচারী সরকারের আমলের চিত্র তুলে ধরে বলেন, ‘গত ১৭ বছরে সাড়ে ৪ হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এবং ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।’
তিনি এ সময় আরও স্মরণ করিয়ে দেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।’
তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সব বাধার প্রাচীর ভেঙে নতুন প্রজন্ম আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। যে রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, সেখানে ফ্যাসিস্টদের ফিরে আসার আর কোনো পথ থাকতে পারে না। প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে।’
সরকারের গত ৬ মাসের কার্যক্রম তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘সরকার মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। দেশে সংকট রয়েছে, তবে তা নিরসনে সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে।’
এ সময় তিনি সরকারপ্রধান তারেক রহমানের ওপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানান।
মন্ত্রী ঘোষণা দেন, ‘আগামী ৫ বছরের মধ্যে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।’ তিনি উল্লেখ করেন, ‘ফ্যামিলি কার্ডের ঘোষণার সময় অনেকে গোপনে এর বিরোধিতা করেছিল, কিন্তু সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘দেশে সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বিগত স্বৈরাচার সরকার দেশে চরম আইনের সংকট সৃষ্টি করেছিল।’
তিনি আরও বলেন, ‘সেই আইনি সংকট সমাধানে সরকারপ্রধান তারেক রহমান একজন অভিজ্ঞ আইনজ্ঞকে বেছে নিয়েছেন।’
তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও মূল্যবোধ বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের সর্বাত্মক সহায়তা কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।