প্র্রতিনিধি
প্রকাশ: ২২:১৩, ৪ আগস্ট ২০২৬
ছবি :সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের আত্মদানই আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথরেখা হয়ে থাকবে এবং সেই আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের সংসদীয় ব্যবস্থা, আইন ও বিচার বিভাগ নিয়ে জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে, তার সবটুকু এখনো পূরণ হয়নি। তবে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এসময় আগামীতে দেশের আর্থসামাজিক ব্যবস্থা যাতে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষকে কাজের সুযোগ করে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।