ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০০:০৫, ২৯ জুলাই ২০২৬
ফাইল ছবি
জাতীয় সংসদ চত্বরে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার আনুমানিক বিকেল ৩টা ১৫ মিনিটে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে (মূল ভবনের বাহিরে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।