ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষ ও বাড়িঘরে হামলা, আহত ৬

প্র্রতিনিধি

প্রকাশ: ২৩:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষ ও বাড়িঘরে হামলা, আহত ৬

ছবি :সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইপাড়া এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একে বিএনপির ‘পরিকল্পিত হামলা’ হিসেবে দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রাজনৈতিক রূপ নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত ও পারিবারিক পূর্ব বিরোধের জেরে দুপুরে নূর মোহাম্মদ ও কবির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এতে কবির হোসেন, তাজুল ইসলাম, নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ ও ফারুক হোসেন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রতিবাদে বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। পরে উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা অভিযোগ করেন, 'ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে জামায়াত কর্মী কবির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়া এবং ধানের শীষের পক্ষে কাজ না করায় এ হামলা করা হয়েছে।'

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, 'দুপক্ষের মধ্যে আগে থেকেই পারিবারিক দ্বন্দ্ব ছিল, যা বর্তমানে রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিয়েছে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
 

আরও পড়ুন