প্র্রতিনিধি
প্রকাশ: ০০:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণাকালে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফিরোজ হায়দার লাভলু। তার দাবি, নির্বাচনী জনসভায় যোগদানের সময় তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
সোমবার রাতে (২ ফেব্রুয়ারি) আদিতমারীর সাপটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ফিরোজ হায়দার লাভলু জানান, সোমবার বিকেলে কালীগঞ্জের তুষভাণ্ডার থেকে ফেরার পথে সাপটিবাড়ি স্কুল মাঠে তার নির্বাচনী জনসভা ছিল। তার বহরের পেছনে থাকা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা যখন সভাস্থলের দিকে আসছিলেন, তখন বিএনপির একটি মিছিল অতিক্রম করার সময় উত্তেজনা ছড়ায়।
লাভলু অভিযোগ করে বলেন, আমাদের সমর্থক মহির উদ্দিন ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নূর ইসলাম সরকারকে প্রথমে আটক করা হয়। এরপর মোটরসাইকেলে থাকা দাঁড়িপাল্লার পোস্টার ছিঁড়ে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল হামলা করে চলে যায়।
তিনি আরও বলেন,শুধু সাপটিবাড়ি নয়, এদিন দুপুরে কমলাবাড়ি ইউনিয়নেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন জামায়াত প্রার্থী।
তিনি বলেন, 'সেখানেও দাঁড়িপাল্লার পক্ষে থাকায় আমাদের দুজন সমর্থককে এলোপাতাড়ি মারধর করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। রিটার্নিং কর্মকর্তাকে হয়তো ফোনে জানানো হয়ে থাকতে পারে, সেটি আমাকে জেনে নিশ্চিত হতে হবে। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।