টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা জনস্রোতে পরিণত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, আমি এই মাটির সন্তান। এই ধুলোবালিতে বেড়ে উঠেছি। আমার ওপর অনেক চাপ রয়েছে। তবুও সাধারণ মানুষের অধিকার আদায়ে কখনো আপোষ করিনি।
তিনি আরও বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে হরিণ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
জনসভায় উপস্থিত ছিলেন মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর মণ্ডল, সাবেক সদস্য আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা দিনভর প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন।