ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:২৭, ২৭ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন, যারা জুলাই আন্দোলনের সুফল ভোগ করছে, তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।
সেমিনারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জুলাই আন্দোলনের দলিল ও ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, সংস্কারের প্রশ্নে বর্তমান সরকার অসহিষ্ণু আচরণ করছে। গণভোটের রায় একদিন জনগণ বাস্তবায়ন করে ছাড়বে বলেও মন্তব্য করেন তিনি।