ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩, ১৩ সফর ১৪৪৮

এনসিপির গাড়িবহরে হামলা, নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ কয়েকজন আহত

প্র্রতিনিধি

প্রকাশ: ০০:১০, ২৯ জুলাই ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলা, নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ কয়েকজন আহত

ছবি :সংগৃহীত

হবিগঞ্জে জুলাই সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জেলার আজমিরীগঞ্জে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৬টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হয়।

রাত ৮টার দিকে পুলিশ এনসিপির নেতাকর্মীদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এ সময় সার্কিট হাউস লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

সার্কিট হাউসে সারজিস আলম অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং আহতদের হাসপাতালে যেতেও বাধা দিয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনারা ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী বাহিনী লালন করতে চান কি না। এরা তো তাদেরকেও ছাড়িয়ে গেছে।

এদিকে সমাবেশে নাসীরুদ্দীন পাটোয়ারী তার বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গউছকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, শান্তিপ্রিয় হবিগঞ্জে উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। এনসিপিনেতাদের উসকানিমূলক বক্তব্যের জবাব দিয়েছে স্থানীয় জনতা।

  

আরও পড়ুন