প্র্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৫, ৭ জুন ২০২৬
ছবি :সংগৃহীত
ময়মনসিংহের ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর উপর বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকসহ ভেঙে নদীতে পড়ে গেছে। রোববার ভোরে এ দুর্ঘটনার পর থেকে বন্ধ রয়েছে যান চলাচল।
এতে ধোবাউড়ার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজ পার হচ্ছিল। এ সময় ট্রাকসহ ব্রিজটি নদীতে ধসে পড়লে ট্রাকের হেলপার আহত হন।
উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস বলেন, ব্রিজটি অনেক পুরাতন। ভারি যান চলাচলের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। আমি বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এছাড়া উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আমি ইতোমধ্যে মেইনটেইন্সের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবেন।