রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩:০৮, ১৯ মার্চ ২০২৬
ছবি:বাংলার চোখ
নওগাঁর রাণীনগরে ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হেলপার। বৃহস্পতিবার সকালে উপজেলার খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুইজন হলেন, উপজেলার চককুতুব গ্রামের মো. মুসলিমের ছেলে ট্রাক্টর ড্রাইভার মো. রাব্বী (২৫) ও ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে হেলপার মো. হিমেল (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ইট বোঝাই ট্রাক্টরটি রাণীনগর থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরে একজন ড্রাইভার ও তিনজন হেলপার ছিল। পথে খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হন ট্রাক্টরে থাকা ড্রাইভার মো. রাব্বী ও হেলপার মো. হিমেল ও আতিকুল। স্থানীয় লোকজন তাদের তিনজনকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে ড্রাইভার রাব্বী ও হেলপার হিমেলের অবস্থা অবনতি হওয়ায় তাদের দুইজনকে নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। সদর হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার রাব্বী ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার মারা গেছেন। আর একজন হেলপার রাণীনগর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।