পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৩:০১, ১৩ মার্চ ২০২৬
ছবি:বাংলার চোখ
পাবনার সাঁথিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঘর, ঘরে থাকা সব আসবাবপত্র, ৫টি গবাদিপশু পুড়ে সর্বশান্ত হয়ে পড়েছেন কৃষক মোতালেব হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আটটার দিকে উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ কৃষক মোতালেব হোসেনের। এ ঘটনায় পরিবারটি সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কৃষক মোতালেব হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তে আগুনের লেলিহান শিখা তার বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করে। ততক্ষণে কৃষক মোতালেব হোসেনের বসতঘরসহ তিনটি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল, ৫টি গরু ও ৩টি ছাগল আগুনে ভস্মিভূত হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোতালেব হোসেন বলেন, 'আগুনে আমার ঘর ও গরু-ছাগল পুড়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হওয়ায় আমি এখন সর্বশান্ত। কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না। মাথা গোঁজার ঠাঁই করবো নাকি খাবার জোগাড় করবো এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।'
ওই কৃষকের প্রতিবেশি ও সমাজসেবক সেলিম হোসেন জানান, 'কৃষক মোতালেব হোসেনের বাড়িতে আগুন লেগে সব পুড়ে শেষ হয়ে গেছে। এ সময় স্থানীয় বেশিরভাগ পুরুষ মানুষ তারাবি নামাজে ছিলেন বলে আগুন নিয়ন্ত্রণে আসতে বিলম্ব হয়। তার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন।'
সাঁথিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বাসুদেব সরকার জানান, 'আগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পথে খবর আসে আগুণ নিয়ন্ত্রণে এসেছে। এ খবর পেয়ে আমরা স্টেশনে ফিরে আসি। ক্ষয়ক্ষতির বিষয়ে জানা নেই।'
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবার সহযোগিতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'