শাহরিয়ার মিল্টন , শেরপুর
প্রকাশ: ২৩:৫৪, ১৮ জুলাই ২০২৬
ছবি:বাংলার চোখ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার বাঘবের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা বালুর স্তূপে অটোরিকশাটি ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।