ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশবিধি নিয়ে প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশবিধি নিয়ে প্রতিবাদ

.

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য নতুনভাবে ঘোষিত প্রবেশ বিধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।

শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে বিএসপিএ জানায়, সম্প্রতি ঘোষিত এই প্রবেশ বিধিমালা পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বিএসপিএ বলেছে, তারা সব সময় বিসিবির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক মিডিয়া নীতিমালা মেনে কাজ করে এসেছে। বিশেষ করে বিসিবির মিডিয়া কমিটির মাধ্যমে গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন ও অন্যান্য বিষয়ে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে সংগঠনটি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শেরে বাংলা স্টেডিয়ামে চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমে সাংবাদিকরা কোনোভাবেই বাধা নন। বরং ক্রীড়া সাংবাদিকরা দায়িত্বশীলভাবে তাদের পেশাগত কাজ করে থাকেন এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই নীতিনির্ধারণের ক্ষেত্রে সাংবাদিকদের এই ভূমিকা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করে বিএসপিএ।

এ অবস্থায় অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনটি।

একই সঙ্গে বিএসপিএ ও অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সহযোগিতামূলক ও সবার জন্য গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ওপর জোর দেওয়া হয়েছে।

বিএসপিএ জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়া সাংবাদিকতার স্বার্থে ভবিষ্যতেও বিসিবির সঙ্গে একযোগে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।

অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসজেএ জানায়, ‘মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত বিসিবির নতুন বিধিনিষেধ আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের প্রাত্যহিক পেশাগত জীবন এতে ব্যাহত হবে বলে আমাদের মনে হয়েছে।’

বিবৃতিতে তারা আরও জানায়, নিরাপত্তা বাড়ানোর ব্যাপার উল্লেখ করা হয়েছে এবং যেখানে পূর্ণ সহযোগিতা করতে আমরাও সবসময় প্রস্তুত। কিন্তু সংবাদকর্মীদের পুরোপুরি দূরে ঠেলে ক্রিকেটের প্রসার সম্ভব নয় বলেই আমরা মনে করি। 

‘বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার পথে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা সর্বজনবিদিত আপনি নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশীদার সংবাদকর্মীরা। কিন্তু সেই ভাবনার প্রতিফলন বিসিবির এই সিদ্ধান্তে পড়েনি। বিশেষ করে, এত বড় সিদ্ধান্তনেওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা না করায় আমরা স্তম্ভিত ও হতাশ হয়েছি।’

বিএসজেএ জানায়, আমরা বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপ সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করবে এবং স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন