ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:৫৪, ৪ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার (৪ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে চকবাজারের আশিক টাওয়ার সংলগ্ন খাজা মার্কেটের বহুতল ভবনে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ১টা ৪৬ মিনিটে তারা প্রথম ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি দোকান থেকে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়।