ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে লিজ চুক্তি স্বাক্ষর করেছে।
প্রতিষ্ঠানটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য, স্টিল ফ্রেম ও এক্সেসরিজ উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করবে। কারখানায় আধুনিক বাথটাব, যাকুজ্জি, প্যানেল ট্যাংকসহ বিভিন্ন ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য, সংশ্লিষ্ট এক্সেসরিজ, মোল্ড ও প্যাটার্ন উৎপাদন করা হবে।
জাহাজ নির্মাণ ও ক্রুজ শিল্পে বিদ্যমান চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বছরে ৬ হাজার ১৭৪ টন পণ্য উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। উৎপাদিত পণ্যের অধিকাংশই দুবাইয়ে রফতানি করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগের মাধ্যমে প্রায় ৯০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ বিনিয়োগ দেশের শিল্পখাতে বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রথাগত খাতের বাইরে বিশেষায়িত কম্পোজিট শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ লক্ষ্যে রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, শিল্প স্থাপনে দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা বদ্ধপরিকর। তিনি ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ ধরনের নতুন ও অপ্রচলিত পণ্য দেশের রফতানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।
কামরুল হাসান চৌধুরী বেপজার বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ক্রমেই বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে। তিনি দ্রুত কারখানা নির্মাণ ও উৎপাদন কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস