ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ দেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থান হবে না। একটি চক্র আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
ঝালকাঠির নলছিটিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন, যেখানে শরিফ ওসমান হাদির জন্ম হয়েছে। ওসমান হাদির আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।
ডাকসুর ভিপি বলেন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের লড়াই, আজাদির লড়াই, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আমাদের দেখিয়ে গিয়েছেন, সেই লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো ধরতে পারেনি ইন্টেরিম সরকার। আমরা চাই, অতি দ্রুত শরিফ ওসমান হাদির খুনিদের সরকার গ্রেফতার করুক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ নেয়ামুল করিমকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী (১১ দল মনোনীত) শেখ নেয়ামুল করিম, শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।