চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরের শান্তিমোড় এলাকায় অবস্থান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বলেন, বিচার চাইতে গিয়ে এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই হামলায় জড়িতদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। আর দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন জুলাই যোদ্ধারা।
প্রতিবাদী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আব্দুর রাহিম, সাবেক সমন্বয়ক আব্দুর রহমান মাহাদী, সাবেক সদস্য সচিব সাব্বির আহমেদ, সদস্য জাহিদ হাসান, মাহিন খান, জুলাই যোদ্ধা আল বাশরী সোহানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে জাবের-জুমার ওপর হওয়া হামলার প্রতিবাদে শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে। পরে পুলিশ গিয়ে অনুরোধ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও অবস্থান কর্মসূচি রাত ১০টা পর্যন্ত অব্যাহত ছিল।
এদিকে প্রধান উপদেষ্টা বরাবর হাদি হত্যার বিচার ও জাবের-জুমার ওপর হওয়া হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করে সংহতি প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।