ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে চায়না ও জাপানিজ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জামায়াত আমীরের বসুন্ধরা কার্যালয়ে এই দুটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় সৌজন্য সাক্ষাৎ করে চাইনিজ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দল। অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে ৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত,অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।
বৈঠককালে চীনা প্রতিনিধি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াত আমীরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ ও আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
এর আগে সকাল ৯টায় জামায়াত আমীরের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে। এই মিশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করা।
বৈঠকে আশা প্রকাশ করা হয় জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রক আরও সুসংহত করবে এবং বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াতের আমীরের সঙ্গে ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান