আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
কানাডার বৃটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ এলাকায় একটি উচ্চবিদ্যালয়ে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এতে বলা হয়, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
এ ছাড়া একটি বাড়ি থেকে আরও দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করছে পুলিশ।
নিহতদের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
আরসিএমপি জানায়, এটি ছিল স্কুলে সক্রিয় বন্দুকধারীর ঘটনা। সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে আত্মহত্যাজনিত আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুজনকে গুরুতর বা জীবনসংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয়েছে। আরও প্রায় ২৫ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের আঘাত গুরুতর নয়।
পুলিশ জানায়, স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
আরসিএমপির নর্দান ডিস্ট্রিক্ট কমান্ডার কেন ফ্লয়েড সাংবাদিকদের বলেন, একজন নারী সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হচ্ছে না। এক সতর্কবার্তায় হামলাকারীকে বাদামি চুল ও পোশাক পরা নারী হিসেবে বর্ণনা করা হয়।
নিহতদের বয়স বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলমান থাকায় বিস্তারিত জানাতে রাজি হয়নি পুলিশ। বিষয়টি আরসিএমপির মেজর ক্রাইমস ইউনিট তদন্ত করছে।
স্কুলটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ডেরিয়ান কুইস্ট সিবিসি রেডিও ওয়েস্টকে বলেন, হামলার সময় তিনি ও অন্য শিক্ষার্থীরা টেবিল এনে দরজা আটকে দুই ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করেন।
ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১১০০ কিলোমিটার উত্তরে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত টাম্বলার রিজ শহরের জনসংখ্যা তিন হাজারেরও কম।
সূত্র: আল জাজিরা