প্রকাশ: ১৯:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি :সংগৃহীত
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ২৪'র অভ্যুত্থান ভুলে যাবেন না। বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয়, বাস্তবে দেখতে চায় জনগণ।
রোববার (১৫ ফেব্রুযারি) দুপুরে বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল-৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফুয়াদ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের উপর যে দায়িত্ব ছিলো তা পূরণে তারা ব্যর্থ হয়েছেন। নির্বাচনে প্রশাসন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।
তিনি বলেন, ৫৫ বছর পরে এসেও রামদা, চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবে না।
বিএনপি চেয়ারম্যানের উদ্দেশ্য ফুয়াদ বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই নেতাকর্মী দিয়ে বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না। বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয়, বাস্তবে দেখতে চায় জনগণ বলেও মন্তব্য করেন তিনি।