ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ইসি আনোয়ারুল ইসলাম I ছবি :সংগৃহীত
আদালতের নির্দেশ পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
সুষ্ঠু ভোট হয়েছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।
নির্বাচনে ৩২টি আসনে অনিয়ম করে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন জোটের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন তারা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তারা বলেন, ‘মোট ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে যেখানে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে।’