ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন হবে: ইসি মাছউদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:৫০, ১ মার্চ ২০২৬

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন হবে: ইসি মাছউদ

ছবি :সংগৃহীত

পবিত্র রমজান মাসের পরেই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, আশা করছি, শিগগিরই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের উপনির্বাচন ও নির্বাচন রয়েছে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বাৎসরিক সাধারণ সভায় (এজিএম) তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে সারা বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। (নির্বাচনী) আইন কী হবে সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের ওপর না। আইন করবে সংসদ, সংসদ যে যেকোনো নির্বাচনসংক্রান্ত যে আইন করবে, সেই আইন অনুযায়ী সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধ।
কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন