ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩, ২৮ সফর ১৪৪৮

রাষ্ট্রপতি নির্বাচন: ৩টি মনোনয়নপত্র জমা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:১৯, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩টি মনোনয়নপত্র জমা

ছবি :সংগৃহীত

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্ধারিত নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মনোনয়নপত্র জমার নির্দিষ্ট সময় (বিকেল ৪টা) শেষ হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি। অর্থাৎ, রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজন।’

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় সার্বিক সহায়তার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

দুপুর পৌনে ১২টার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীর পক্ষে প্রথম মনোনয়নপত্রটি জমা দেয়া হয়। এরপর বিকেলে অলি আহমদের পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্রটি জমা পড়ে।

একই প্রার্থীর দুটি মনোনয়নপত্র জমার কারণ জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘তারা কেন দুটি জমা দিয়েছেন, তা সংশ্লিষ্ট দলের প্রতিনিধিরাই ভালো বলতে পারবেন। তবে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সময় প্রথম মনোনয়নপত্রটি বৈধ ঘোষিত হলে দ্বিতীয়টি আর বাছাই করার প্রয়োজন পড়বে না।’

নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ১৮ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন