ঢাকা, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

বরফের সমুদ্রের ওপর দিয়ে চলছে গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বরফের সমুদ্রের ওপর দিয়ে চলছে গাড়ি!

ছবি :সংগৃহীত

বরফ হয়ে যাওয়া সমুদ্রের ওপর গাড়ি চালিয়ে দ্বীপ থেকে দ্বীপে যাতায়াত করছে লোকজন। ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়ায় এখন এ দৃশ্য নিয়মিত দেখা যায়।

এবারের শীতে উত্তর ইউরোপে তাপমাত্রা এতটাই কমে গেছে যে হ্রদ, নদী এমনকি সমুদ্রের পানি পর্যন্ত জমে শক্ত বরফে পরিণত হয়েছে। পশ্চিম এস্তোনিয়ার সারেমা এবং হিউমা দ্বীপকে সংযুক্ত করেছে ২০ কিলোমিটার দীর্ঘ বরফের রাস্তা, যার নাম রাখা হয়েছে ‘আইস রোড’। 

 গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই রাস্তাটি খুলে দেয়া হয়। একই দিনই সেখানে গাড়ি চলতে দেখা গেছে। টানা কয়েক সপ্তাহ তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সেখানে সমুদ্রের পানি জমাট বেঁধে বরফে পরিণত হয়েছে। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
 
এস্তোনিয়ার ছোট্ট দ্বীপ হিউমার বাসিন্দা মাত্র ৯ হাজার। সেখানকার লোকজনকে শিশুদের স্কুলে দিতে, কেনাকাটা করতে, এমনকি এক কাপ কফি খেতে হলেও সারোমা দ্বীপে যেতে হয়। সারোমায় ৩১ হাজার মানুষ বসবাস করে। এস্তোনিয়ার মূল ভূখণ্ডে যেতে হলেও হিউমার বাসিন্দাদের সারোমা হয়ে যেতে হয়। তাই প্রয়োজন থেকেই আইস রোড খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

 যদিও হিউমার মেয়র হারগো তাসুয়া বলেন, ‘এটি আমাদের সংস্কৃতিরও অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার স্থানীয় মানুষ—বিশেষ করে সমুদ্রের কাছাকাছি যারা থাকে, তারা গ্রীষ্মকালে সমুদ্রে সাঁতার কাটে ও নৌকা ব্যবহার করে। আর শীতে সমুদ্রে গিয়ে বরফের ওপর পা রাখাটা যেন তাদের রক্তে মিশে আছে।’
 
আইস রোডে সর্বোচ্চ আড়াই টন ওজনের গাড়ি চলতে পারবে। গতি রাখেতে হবে ঘণ্টায় ২০ কিলোমিটারের নিচে বা ৪০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর বাইরে গতি কম্পন তৈরি করতে পারে এবং বরফের রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
 

 

 সূত্র: এপি 

আরও পড়ুন