ঢাকা, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক

প্র্রতিনিধি

প্রকাশ: ১৫:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক

.

নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে খাসির মাংস বিক্রির দোকানে কুকুর জবাইয়ের ঘটনা ঘটেছে। ২৫ কেজি মাংস জব্দ করা হয়েছে। কসাই পলাতক।  রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে।


এই ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কুকুরের মাংস জব্দ করে। প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে কুকুর জবাইয়ের সত্যতা পান।

এলাকাবাসী থানায় খবর দিলে ধামইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবির হোসেন সেখানে গিয়ে কুকুরের মাংসগুলো জব্দ করেন।

স্থানীয়রা বলেন, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেঁতুলতলী মোড়ের খাসির মাংস বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী বাড়ি থেকে রেগুলার গোস্ত এনে বিক্রি করেন।

তার বাড়িতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে বাজারে বলাবলি করতে থাকে। পরে দ্রুতই মাংস ফেলে দিয়ে দোকান থেকে পালিয়ে যান কসাই এনতাজুল ও দুলু মৌলভী। শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস জব্দ করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে। কসাই এন্তাজ ও দুলু মৌলভী পালিয়ে গেছে, তাদের পাওয়া যায়নি। 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস জব্দ করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চলমান আছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন