মোঃ দিলদার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
প্রকাশ: ২১:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত" পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা"র নামফলকের মুক্তিযুদ্ধ শব্দটি উধাও হয়েছে। শুধু তাই নয় সংরক্ষণশালার ভিতরে ডাস্টসহ বিভিন্ন মালামাল রেখে গোডাউন ঘরে পরিণত করায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের মাঝে নেতিবাচক প্রক্রিয়া দেখা দিয়েছে।
জানাযায়, নতুন প্রজম্মদের মাঝে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় সংগ্রামের স্মৃতি পরিচিতি করতে ২০২২ সালে পৌরসভার উদ্যেগে ”পাঁচবিবি মুক্তিযোদ্ধা জাদুঘর এবং সংরক্ষণশানার উদ্বোধন করা হয়। সেখানে রাখা হয় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি, মুক্তিযুদ্ধের উপর লেখা বই, মুক্তিযোদ্ধাদের নাম সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু স্মৃতিও। যা দেখতে ও জানতে সেখানে তরুণ প্রজম্মরা ভীর জমাতো। গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সেখানকার মুক্তিযুদ্ধ লেখা শব্দটি উঠিয়ে ফেলা হয় এবং জাদুঘরের ভিতরে পৌরসভার বিভিন্ন মালামাল রেখে গোডাউন হিসেবে ব্যবহার করেন।
পৌরসভার বাসিন্দা তরুণ সংঙ্গীত শিল্পী ও ভাস্কর এম আই মিঠু এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে সরকারের নিকট সুষ্ট বিচার দাবী করেছেন। তিনি বলেন যারা এই কাজ করেছে তারা আমাদের স্বাধীনতার শত্রু।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু বলেন, এটি অবশ্যই স্বাধীনতা বিরোধীদের কাজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা বিরোধীতা করেছিল তাদের দ্বারাই এমন কাজ করা সম্ভব। তবে যেই এই কাজ করুক না কেন তদন্তপূর্বক এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তিনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর টি ঠিক করে দেওয়া হবে।
পাঁচবিবি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, খুব শীঘ্রই সুন্দর করে এবং সংস্কার করে মুক্তিযুদ্ধ জাদুঘর টি ঠিক করা হবে।